সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি।

সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আবদুল মুক্তাদির বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।

আবদুল মুক্তাদির বলেন, একসময় পেঁয়াজে আমদানি নির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।