আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করা হবে। বাংলাদেশের আইন সবার শ্রদ্ধা করা উচিত। একইভাবে অন্য দেশের আইনকেও সংশ্লিষ্ট দেশগুলোর সম্মান জানাতে হবে।

ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলার উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে নিয়ে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। এরই মধ্যে পরিকল্পনা দল প্রাথমিক ধাপ পেরিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।

তিনি আরও বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার।

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।

ঢাকার যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে শহরে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।

তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।