তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসেছে নিম্নতম মজুরি বোর্ড। আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে শুরু হয়েছে এ সভা।
এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
এর আগে গতকাল তৃতীয় বৈঠকে তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড। মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।
তবে নিজেদের আগের প্রস্তাব সংশোধন করে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব দেন শ্রমিকরা।
অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, তারা ১৫ হাজার ৮০০ টাকা পর্যন্ত মজুরি নির্ধারণে অবস্থান করছে।
দুই পক্ষের প্রস্তাব সংশোধনে আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠক শুরু হয়েছে।