ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। এসব তালিকার ভিত্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। বিশেষ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও এ দায়িত্ব পালনের জন্য বিবেচিত হবেন।
এ ছাড়া, সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদরাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলে রাখা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে নির্দেশনায় বলা হয়েছে।