প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনও প্রধানমন্ত্রী।’
ভারতের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হবে তা তুলে ধরেছেন ডা. জাহেদ উর রহমান। বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ তাদের ওখানে (ভারতে) আছেন। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন না হেঁটে বাংলাদেশে আসবেন, কিভাবে হস্তান্তর হবে এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’
দণ্ডপ্রাপ্ত আসামি হিসেব শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায় বলে জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বলেন, ‘তাকে প্রত্যর্পণ করা হবে।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি আসতেই চান, তার তো এখন আর আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়। ভারত খুশি মনে তাকে প্রত্যর্পণ করে দেওয়া উচিত। কারণ যিনি আসামি, তিনি নিজেই চাচ্ছেন বাংলাদেশে যেতে।’
ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।