বদলির পর সরকারি বাসা ছাড়তে হবে দুই মাসের মধ্যে। নির্ধারিত সময়ের পরও বাসার দখল না ছাড়লে অননুমোদিত অবস্থানের জন্য দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমোদনে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখার সুযোগ রয়েছে।
বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।
সম্প্রতি এ বিষয়ে জারি করা এক চিঠিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিধি মেনে সরকারি বাসা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। তবে দাপ্তরিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হন। এ ক্ষেত্রে অনেক সময় বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না।
এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিধিমালার ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসর গ্রহণ করলে দুই মাসের মধ্যে বরাদ্দ করা সরকারি বাসার দখল ছাড়তে হবে।
তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।
অন্যদিকে, বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসাভাড়া নির্ধারণ করতে হবে।
সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি জানতেন না বলে দাবি করে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা অর্থ মওকুফের আবেদন করেন। কিন্তু বিধি অনুযায়ী, এ ধরনের দ্বিগুণ বাড়িভাড়ার সরকারি পাওনা মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।
চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে এ ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।