সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, জুলাইয়ে মেরে তাদের হয়নি, তারা আরও মানুষ হত্যা করতে চায়। ৫ আগস্টের পর ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছি, এদেরকে চিরতরে শেষ করে দিলে, তবেই বাংলাদেশ মুক্তি পাবে।
ভারত আন্তর্জাতিক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, ভারতে বসে শেখ হাসিনা বলছেন, ১৬ তারিখে দেশে আসবেন। বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। আমরা কিন্তু এ জায়গায় এসেছি রাজনীতির মাধ্যমে। সেটা ভুলে গেলে চলবে না। আমাদের বহু ভাই রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন।
ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, সারা মাস কর্মসূচি থাকবে। আমরা রাজপথে সর্বাঙ্গে অবস্থান করে রাজপথের নেতৃত্ব দেব, হাসিনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাব।
‘মুক্তিযুদ্ধকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন করেছিলেন হাসিনা। এটি কোনো দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি ছিল না’, যোগ করেন ইশরাক হোসেন।