চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী। এ অভিযানে পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের দুই নভোচারীর সঙ্গে অংশ নেবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের সংবাদমাধ্যম জানায়, বুধবার (২৫ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। অভিযানে পাকিস্তানি নভোচারীর সঙ্গে থাকবেন চীনের তাং হংবো ও উ ই।

মহাকাশ স্টেশনে অবস্থানকালে জিশান আলী জীবপ্রযুক্তি ও উপকরণবিষয়ক চারটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুক্তির অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। স্বল্পমেয়াদি অভিযান শেষে তিনি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন।