এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) পুনর্নিরীক্ষণের ফলাফলে গরমিল ধরা পড়ার পর সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

প্রথমে সারাদেশে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য জানানো হলেও সংশোধিত হিসাবে তা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৪৫ জনে। অর্থাৎ, প্রথম প্রকাশিত হিসাবের চেয়ে ১০ হাজার ২০৪ জন কম শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় ফলাফলের সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়। এর আগে বিকেল ৩টায় প্রথম দফায় ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গ্রুপসহ শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তবে প্রকাশিত পরিসংখ্যানে গরমিল ধরা পড়ায় সন্ধ্যার আগেই মন্ত্রণালয়ের গ্রুপ থেকে তা সরিয়ে নেওয়া হয়। এরপর নতুন করে হিসাব করে সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

সংশোধিত ফলাফলে যত পরিবর্তন

নতুন হিসাব অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৯ হাজার ৭১০ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ১৪২ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২২৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন।

কোন বোর্ডে কতজনের ফল পরিবর্তন

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এরপর কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ জন, ময়মনসিংহে ২ হাজার ৬৬৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন এবং দিনাজপুরে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

এছাড়া যশোর বোর্ডে ১ হাজার ৭৩৬ জন, সিলেটে ১ হাজার ২৬৭ জন, রাজশাহীতে ৭৭৫ জন এবং বরিশাল বোর্ডে ৫২০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সংশোধিত ফলাফলে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাসের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ বোর্ড। এ বোর্ডে ৬৫৪ জন ফেল থেকে পাস করেছেন।

আর নতুন জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৪৬৫ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।