তৈরি পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকার কথা বলা হয়েছে, তা এখনই প্রকাশ করতে চায় না নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ করে পরবর্তী সভায় সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

গণমাধ্যমে প্রচারিত মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হলে তিনি বলেন, এ অঙ্ক একেবারেই অবাস্তব।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার মাঝে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, সকাল সাড়ে ১০টায় সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল প্রায় চারটা পর্যন্ত সভা চলে। বোর্ডের সব সদস্য উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেছেন। তবে আলোচনা তখনো শেষ হয়নি।

তিনি বলেন, আজকের সভায় মালিকপক্ষ লিখিতভাবে প্রস্তাব দিয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে বোর্ড যে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, সেগুলোও সভায় উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক জানানো হবে না। বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার চূড়ান্তভাবে যে মজুরি নির্ধারণ করবে, তা বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হোক, তা তারা চান না। এ বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দেবে, সেটিই গ্রহণ করতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দিলে সেটি বোর্ডের সরকারি বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত মানুষ কাজ করেন না। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি দেশের বাস্তবতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। শ্রম আইন অনুযায়ী যেসব বিষয় বিবেচনা করার কথা, সেগুলো নিয়েই আলোচনা চলছে। অবাস্তব কোনো সিদ্ধান্ত নিতে চায় না বোর্ড।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের ব্যবধানের কারণে আলোচনা স্থগিত কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। শ্রমিকপক্ষের দাবিগুলো বিভিন্ন মাধ্যমে আগেই প্রকাশিত হয়েছে। মজুরি বোর্ড গঠনের আগে ও পরে বিভিন্ন শ্রমিক সংগঠন স্মারকলিপি দিয়েছে। সেদিনও শ্রমিকনেত্রী নাজমা আক্তারের নেতৃত্বে একটি দল বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে।

শ্রমিকেরা ন্যায্য দাবি পাবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, বোর্ড তথ্য-উপাত্ত ও নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করছে। ব্যক্তিগতভাবে তিনি এবং বোর্ডের অন্য সদস্যরা শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করছেন।

মজুরি বোর্ডের কাজ দ্রুত শেষ করার বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের আইনগত মেয়াদ ছয় মাস, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। তবে তারা যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চান। নিয়ম অনুযায়ী সাত দিন পরপর সভা করার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ ও রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনায় স্বল্প সময়ের ব্যবধানে পরবর্তী সভাগুলো করার চেষ্টা চলছে। প্রয়োজনে আগামীকালও সভা হতে পারে।

বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা ও ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, তা অস্বীকার করছেন না। তবে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে জানাচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না।