ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এরপর জিম্বাবুয়েতে হেরে আসার পর সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে টানা দুই হারে ছিটকে পড়া। এমন পারফরম্যান্সে ওয়ানডে দলে ব্যাপক পরিবর্তন এনেছেন নির্বাচকরা।

একসঙ্গে বাদ পড়েছেন ছয়জন। তারা হলেন-মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার। ঢুকেছেন লিটন দাস, নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বি, জাকের আলী, খালেদ আহমেদ।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল সংযুক্ত আরব আমিরাতে। গত মাসে ওই সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই হারে ফাইনাল খেলতে পারেনি টাইগাররা।

গত জুনে ওয়ানডে দলে ফিরেই ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন মোসাদ্দেক। ওই সিরিজে ৩ ম্যাচে ১৫৭ রান করার পরের ৪ ম্যাচে করেছেন মাত্র ২১ রান। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি।

গত বছর অভিষেক হওয়ার পর টানা ১৫ ওয়ানডে খেলেছেন সাইফ হাসান। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ ফিফটি। ফলস্বরূপ স্কোয়াড থেকেই ছিটকে গেলেন তিনি।

আলিস আল ইসলাম অবশ্য বাদ পড়েছেন বোলিং অ্যাকশনের জন্য। আইসিসির অধীনে পরীক্ষা দিয়ে পাস করার আগে খেলতে পারবেন না তিনি।

দক্ষিণ আফ্রিকাতেই কনুইয়ের চোটে দেশে ফিরেছেন হাসান মাহমুদ। ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার।

ওয়ানডে দলে আসা যাওয়ার মধ্যেই থাকেন নুরুল হাসান সোহান। চলতি বছর ৪ ওয়ানডে খেলেও কোনো ফিফটি করতে পারেননি তিনি। তাকেও বাদ দিয়েছেন নির্বাচকরা।

এছাড়া সৌম্য  সরকারও নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চলতি বছর ৯ ইনিংসে তার ফিফটি মাত্র ১টি।