ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করেছেন দিল্লির একটি আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এ পরোয়ানা জারি করেন।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তির করা মামলায় এই আদেশ দেওয়া হয়েছে। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন বিকাশ পাণ্ডে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি।

এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তারও আগে, ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। ওই সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ ছিল। পরে আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব রাঠির আইনজীবী আদালতে জানিয়েছিলেন, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন ও দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসেছিলেন।

আদালত উল্লেখ করেন, এই মামলায় ধ্রুব রাঠিকে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। মামলাটি ২০১৮ সালে বিকাশ পাণ্ডের দায়ের করা মানহানির অভিযোগের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পাণ্ডের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করার পর ওই অভিযোগ দায়ের করা হয়।

সূত্র: এনডিটিভি