দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হাসান মাহমুদের পর দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, প্রথম টেস্ট চলাকালীন মুশফিক বাম দিকের কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন। টেস্ট শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। পরীক্ষার ফলাফলে পেলভিক হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে।

তিনি আরও বলেন, শারীরিক ধকল কাটিয়ে উঠতে এবং অবস্থার অবনতি রোধ করতে তার এখন জরুরি বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন মুশফিক।