বগুড়ায় মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকায় একটি সড়কে মশালমিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন।
এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। নাশকতার উদ্দেশ্যে তারা মিছিল বের করেছিলেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।