আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
এতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সার্ভিস-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। বাংলাদেশ সরকার এ চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল কর্তৃক পরিচালিত কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর থেকে তাদের নির্দিষ্ট ঠিকানায় আর পরিচালিত হবে না।
সংশ্লিষ্ট সবাইকে এবং সব ধরনের ভিসা আবেদনপ্রার্থীকে ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল পরিচালিত বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে ভিসার আবেদন জমা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।