এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের’ ফাইনাল ম্যাচ ছিল আজ। তবে বেরসিক বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ফাইনাল হয়নি।

মাঠে এক বলও না গড়ালেও চ্যাম্পিয়ন ঠিকই নির্ধারিত হয়েছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ায় চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। রানার্সআপ ভারত।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

কিন্তু আশা পূরণ হয়নি তার। বৃষ্টিতে ভেস্তে গেছে ফাইনাল। রংপুর রাইডার্সের পরিচালক শেহজাদ আকবর সোবহানের সঙ্গে পরে পুরস্কার বিতরণের সময় চ্যাম্পিয়ন পাকিস্তানকে ট্রফি তুলে দেন তিনি। এর আগে মাঠে উপস্থিত হয়ে বৃষ্টিকে উপেক্ষা করে টুর্নামেন্টে অংশ নেওয়া চার দলের খেলোয়াড়দের সঙ্গ হাত মেলান ইমরান।

বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড হয়েছে। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।