বরিশালে এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসভবনের নিচে থাকা গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।