সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড (এসএস রোড) এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপি মিল্লাতের বাড়ির সামনে যান। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
প্রথমে দলীয় কার্যালয় ও পরে মিল্লাতের বাড়িতে আগুন জ্বালানো হয়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এরআগে, ভোরের দিকে শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত করতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের মানুষও ক্ষুব্ধ।’
অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি শান্ত করা হয়েছে।