বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে। গ্ল্যামার জগতের আড়ালে থাকা এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ করেছেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা তুলে ধরেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন দেবিনা। একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাকে গাড়িতে করে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে একেবারেই নতুন ছিলেন তিনি। ফলে পরিচালকের প্রস্তাবে সরাসরি না বলতে পারেননি। তবে শুরু থেকেই বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করছিলেন অভিনেত্রী।

শেষ পর্যন্ত অনেকটা অনিচ্ছা নিয়েই পরিচালকের সঙ্গে গাড়িতে ওঠেন দেবিনা। কিছুদূর যাওয়ার পর হঠাৎ একটি নির্জন ও অন্ধকার জায়গায় গাড়ি থামান পরিচালক। এরপর তাকে চুম্বন করার নির্দেশ দেন। এমন আচরণে ভীষণ ভয় পেয়ে যান অভিনেত্রী।

দেবিনার মনে তখন নানা আশঙ্কা কাজ করছিল। অচেনা নির্জন জায়গায় নিজেকে অসহায় মনে হচ্ছিল তার। ওই ব্যক্তি যদি তার কোনো ক্ষতি করেন, তাহলে কী হবে এমন চিন্তাও মাথায় এসেছিল।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কাঁপা গলায় নিজের অস্বস্তির কথা পরিচালককে জানান দেবিনা। স্পষ্ট করে বলেন, এমন পরিস্থিতিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

অভিনেত্রী আরও জানিয়েছেন, জীবনে গুরমীত চৌধুরীর আগমনের পর নিরাপত্তা ও নির্ভরতার অর্থ নতুন করে উপলব্ধি করেছেন তিনি। স্বামী গুরমীতের মধ্যেই খুঁজে পেয়েছেন সেই নিরাপদ আশ্রয়।

উল্লেখ্য, দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন দেবিনা ব্যানার্জি। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। ২০০৮ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ওই ধারাবাহিকে রামের ভূমিকায় ছিলেন গুরমীত চৌধুরী। পর্দার সেই জুটি পরবর্তী সময়ে বাস্তব জীবনেও দম্পতি হন। বর্তমানে তাদের সংসারে রয়েছে দুই সন্তান।