সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকিও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও তাদের সাংবিধানিক দায়িত্ব।

সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ধরনের ওরিয়েন্টেশন থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পিকার আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্পের গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কর্মসম্পাদনে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এর বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।