চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এদিন মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।
পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজিরা দেন।
মামলাটি বদলি হওয়ায় নতুন করে শুনানির এ দিন ধার্য করেন বিচারক।
এ মামলার অপর দুই আসামি পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারও আদালতে হাজিরা দেন।
২০২১ সালের ৪ আগস্ট চিত্রনায়িকার বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা জানায় তৎকালীন র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদকের মামলা করে সংস্থাটি।
এরপর এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান পরীমণি।
ওই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।