বিমা গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, যেসব বিমা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংসদে আইন এনে এসব কোম্পানির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের ব্যাংকিং খাতে ও আর্থিক খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটি তার একটি প্রতিফলন। আর এটিকে সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় ব্যবস্থা মাধ্যমে খুব কঠিনভাবে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিমা কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে তাদের জমি বিক্রি করে বিমাকারীদের দাবি পরিশোধ করার জন্য। যেসব কোম্পানি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করতে পারবে না, তাদের বিরুদ্ধে আরও অধিকতর কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে সংসদে আইন আনা হবে। আইনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ মুহূর্তে ভবিষ্যতের বিষয় হওয়ায় এ বিষয়ে বেশি কিছু বলতে পারছেন না তিনি। তবে প্রয়োজনে সংসদে আইন এনে এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।