জাতীয় সংসদে বসেই মোবাইল ফোনে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
তিনি বলেন, গত আট থেকে ১০ দিন ধরে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। সম্প্রতি এসব হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন এই সংসদ সদস্য।
মাহমুদা মিতু বলেন, দেশে ককটেল হামলা ও নানা বিশৃঙ্খলা শুরুর পর থেকে হুমকির মাত্রা বেড়েছে। শুরুতে বিষয়টি তেমন আমলে নেননি। তবে গত দুই দিন ধরে সংসদে প্রতিদিন সন্ধ্যার বিরতির সময় একটি সংঘবদ্ধ চক্র বিকৃত ভাষায় তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছে।
ঘটনাটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে নারাজ এই সংসদ সদস্য। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এর জের ধরে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও এখন হুমকির মুখে পড়ছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
হুমকির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার পাশাপাশি কূটনৈতিক ব্যর্থতার বিষয়ও রয়েছে বলে মনে করেন এই সংসদ সদস্য। তার দাবি, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তার কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়ে মাহমুদা মিতু বলেন, ভারতের মাটি ব্যবহার করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাব চাইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু করার দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এসব কার্যক্রম সম্ভব হয়নি বলে জানানো হয়েছিল। অথচ নির্বাচিত সরকারের সময় এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জাজনক। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরাও বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদা মিতু। তার কাছে থাকা নথি নিয়ে ভারত সরকারকে তলব করা হবে কি না এবং কূটনৈতিকভাবে বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।