গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনার পর উপজেলার ১৭টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দিতে দেখা গেছে। এর আগে, রোববার (১৫ নভেম্বর) থেকে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে ৩০ অক্টোবর থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে আসছেন। এ সময় যানবাহন ভাঙচুর, মার্কেটে অগ্নিসংযোগ ও পুলিশ বক্সে আগুন দেওয়াসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে।

এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় চারটি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে ৫ থেকে ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পকারখানা, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নাশকতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।