বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে সজল তন্ময়-২ নামের লাইটারেজ জাহাজডুবির ঘটনায় নিখোঁজ থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজটিতে ১২ জন নাবিক ছিল। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেওয়া হয়েছে।
জাহাজডুবির পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম গণমাধ্যমকে বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়। এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।