সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পরের ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলবেন।

রবিবার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন হয়। প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ঢাকা ও দিল্লির মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে হুমায়ুন কবির বলেন, ওইটা পরের ব্রিফিংয়ে। আজকে যে বিষয় আছে, ওইটাতে থাকি।

এর আগে, গত সোমবার শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ২০২৪ সাল-পরবর্তী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। তাই বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতার ভিত্তিতে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স প্রথম এ খবর দেয়।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা রয়টার্সকে জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়েছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।

সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবেদনের দিন হুমায়ুন কবির বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিই যথেষ্ট। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, পাসপোর্ট আবেদনের সত্যতা তখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিস্তারিত তুলে ধরেন হুমায়ুন কবির।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়া সফর করেন প্রধানমন্ত্রী। কপ-৩১ শুরু হয়েছে ৯ নভেম্বর, চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর ছিল বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের প্রথম দিন, ১০ নভেম্বর সন্ধ্যায়, আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান তারেক রহমান। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা চান তিনি।

সফরের সময় আন্তালিয়ায় এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী এরদোয়ান ও তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীকে তার দেশে সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সেখানে যাওয়ার আশ্বাস দেন।

চলতি বছরে এ নিয়ে দুবার এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়।