ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তার ব্যবসাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যে তাকে নিয়ে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন এই অভিনেতা। টিআরপির জন্য যারা তাকে নিয়ে কাজ করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জানানোর পাশাপাশি আল্লাহর কাছে তাদের হেদায়েতও কামনা করেছেন তিনি।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান অনন্ত জলিল। পোস্টে তিনি প্রথমেই আল্লাহর ওপর নির্ভরতার কথা তুলে ধরেন। পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’
এরপর ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ উল্লেখ করে এর অর্থও তুলে ধরেন অভিনেতা। বাক্যটির অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী। ফেসবুক পোস্টে অনন্ত জলিল তার জন্য দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভালো ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি ভালোবাসাও জানিয়েছেন তিনি।
তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টিআরপির জন্য যারা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেছেন, তাদের উদ্দেশেও বার্তা দিয়েছেন এই অভিনেতা। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন তিনি।
পোস্টে অনন্ত জলিল লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’
অনন্ত জলিলের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন তার ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানার পরিস্থিতি নিয়ে একের পর এক খবর প্রকাশিত হচ্ছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের জন্য আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়।
এ ছাড়া তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং সেখানে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার মধ্যেই নিজের ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা ও বিশেষ বার্তা জানালেন অনন্ত জলিল।