জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের (চার্জ দ্য অ্যাফেয়ার্স) দায়িত্ব প্রদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও পাশ কাটানোর অভিযোগ তুলে ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়েছেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-১ এ কে এম ওয়াহিদুজ্জামান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আবেদন জানান। ঢাকা ও নিউইয়র্কের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে গ্রেড-১ মর্যাদার রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-২ এবং গ্রেড-৩ মর্যাদার রাষ্ট্রদূত সঞ্চিতা হককে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করার সিদ্ধান্তে তিনি ‘গভীর পেশাগত উদ্বেগ’ বোধ করছেন। এমন সিদ্ধান্ত প্রচলিত সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি বলেও চিঠিতে প্রশ্ন তোলেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বৃদ্ধিবিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের চীনের সাংহাই সফরের সময়সূচির সঙ্গে মিল রেখে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটি ও নিউইয়র্ক ত্যাগের অনুমতি চেয়েছেন ওয়াহিদুজ্জামান।
আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ১৫ জুলাই জাতিসংঘ মিশনে যোগদানের পর থেকেই তিনি উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি এর আগে গত আগস্ট মাসে পূর্বসূরি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক ত্যাগ করার পর তিনি নিজেই ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি বা চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।
কিন্তু ১২ নভেম্বর স্থায়ী মিশন থেকে জারি করা এক কূটনৈতিক পত্রে (নোট ভারবাল) অন্যান্য দেশের মিশনগুলোকে জানানো হয় যে, আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে সঞ্চিতা হক চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদনপত্রের অনুলিপি জনপ্রশাসন উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন জ্যেষ্ঠ এই কূটনীতিক।