ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে সোনা ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে। এ ধরনের চোরাচালানের মাধ্যমে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি মোকাবিলায় নজরদারি ও অভিযান জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম সোনার বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে সংস্থাটি।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৫.৭০ লাখ টাকা।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬.৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৫.৩০ লাখ টাকা।
একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২১.৭৭ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা সংঘবদ্ধ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সতর্ক অবস্থানে থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে।