জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।”
তিনি লেখেন, “এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”
সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিণতি নিয়েও সতর্ক করে জামায়াতের আমির লেখেন, “সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।”
নুসরাতের পরিবারের দাবি, রাতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে বাড়ির টিনশেডের আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ঘটনায় দুটি ছাগলের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে তিনতলা একটি বসবাসের ভবনের পাশেই টিনশেডের একটি ঘর ছিল। সেখানে আটটি কক্ষ ছিল। ঘরটিতে গবাদিপশু ও কিছু আসবাবপত্র রাখা ছিল। তবে সেখানে কেউ বসবাস করতেন না। নতুন ভবনের তৃতীয় তলায় এমপি নুসরাতের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন সেখানে ছড়ায়নি।
নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক বলেন, রাতে বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে এর প্রমাণ রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তারা আগুন জ্বলতে দেখেন। পরে নিজেরা আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বুধবার রাত ১২টার কিছু পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এনসিপি নেত্রীর দাবির পরিপ্রেক্ষিতে ওই বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।