সৌদি আরবে হুথিদের হামলার কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্তগুলো আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
তবে ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে আগের ঘোষণা ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ২৫ অক্টোবর ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি। তবে রিয়াদ রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে, গত ৮ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৮৬টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর মধ্যে ১০৯টি সরাসরি ফ্লাইট ছিল।