বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরার কারণে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দীপাবলি উপলক্ষে সাজসজ্জায় ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী এই গয়না পরার পরই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ এবং মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে কারিনাকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়েছিলেন কারিনা। এদিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও একই রঙের পাগড়ি পরেছিলেন তিনি। পাগড়িতে ছিল ঝলমলে একটি কলগি, যা তার স্বামী সাইফ আলী খান বিয়ের দিন পরেছিলেন।
তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমের মালিকানায় ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি কারিনার কাছে আসে।
কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, কারিনার পরনে ছিল পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। এর সঙ্গে ছিল ভোপালের নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।
রিয়া আরও জানান, গয়নাগুলো সাইফ আলী খানের পরিবারের ঐতিহ্যের অংশ। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। পারিবারিক উত্তরাধিকার হিসেবেই ঐতিহাসিক অলংকারগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।
এদিকে কারিনাও ইনস্টাগ্রামে নিজের সাজের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’
তবে ঐতিহ্যবাহী এই গয়নায় পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন কয়েকজন। এ নিয়ে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি