মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে রাত পৌনে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন কাঁচা বাজারের সামনে দুইটি একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, কয়েকটি স্থানে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছায়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, পুলিশ, ডিবি তৎপরতা বাড়িয়েছে এবং সতর্ক আছে। ডিবি কাজ করতেছে অপরাধীদের ধরতে। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।

সন্দেহভাজন দুইজন আটকের বিষয়ে তিনি জানান, উত্তেজিত জনতা এবং নেতাকর্মীরা সন্দেহভাজন দুইজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।