ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনের মধ্যে একজনের সঙ্গে একটি ব্যাগ ছিল। ব্যাগটিতে বিস্ফোরকজাতীয় কোনো বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পর ব্যাগটি পরীক্ষা ও সম্ভাব্য বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ (ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।