বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখার সময় বলা হতো আদালত নিজস্ব গতিতে চলে, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশে ধরনা দিচ্ছেন? তার ক্ষেত্রেও আদালত নিজস্ব গতিতে চলবে, আইনও তার গতিতে চলবে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা আবারও বিদেশের বিভিন্ন রাজনীতিকের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। অথচ খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মিথ্যা মামলায় তাকে বন্দি রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করলে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের বলতেন, আদালত নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে কেন চলবে না?
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। কিন্তু তাকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা নাকি আহনাফের আত্মীয়স্বজন? যাদের স্বজনদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, জানালা দিয়ে গুলি করে শিশু হত্যা করা হয়েছে, তাদের পরিবার কি সংবর্ধনা জানাবেন?
তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে। রিকশাচালক ও শ্রমজীবী মানুষও প্রাণ দিয়েছেন। এত আত্মত্যাগের পর শেখ হাসিনা ঢাকঢোল পিটিয়ে সংবর্ধনা পাবেন এমন ধারণা বোকার স্বর্গে বাস করার মতো।
রিজভী বলেন, শেখ হাসিনার বিষাক্ত থাবা, হিংসা ও রক্তপিপাসু আকাঙ্ক্ষার কারণে এত তরুণ প্রাণ হারিয়েছেন, অথচ তিনি ফেরার জন্য পাসপোর্ট ও আইডি কার্ডের আবেদন করছেন। তিনি মনে করছেন, দেশে ফিরে আদালত ও আইন নীরব থাকবে। কিন্তু মানুষ সব মনে রেখেছে, শহীদদের রক্তের দাগ মুছে যায়নি।
তিনি বলেন, শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই। মানুষ ভুল করলে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থার ভুলের পর বিভিন্ন সভায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার শাসনামলে হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য অনুতপ্ত হননি।
মুগ্ধর প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুগ্ধ যখন বন্ধুকে পানি খাওয়ানোর জন্য চিৎকার করছিলেন, তখন তার গুলি লাগে। তার সেই মর্মস্পর্শী কণ্ঠ আজও জাতির বিবেককে নাড়া দেয়। এমন ঘটনার পরও শেখ হাসিনা কীভাবে ফিরে আবার শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তা বোধগম্য নয়।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় পটকা ফাটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে শেখ হাসিনার ফেরার পরিবেশ তৈরির চেষ্টা চলছে। ছাত্রলীগ ও যুবলীগের ছেলেরা এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শেখ হাসিনা ফিরে সাজানো পুলিশ ও র্যাব দিয়ে আবারও দমন-পীড়ন চালিয়ে পুরোনো রাজত্ব ফেরানোর স্বপ্ন দেখছেন।
৭ নভেম্বরের চেতনা তুলে ধরে রিজভী বলেন, ৭ নভেম্বর হচ্ছে জেগে ওঠার চেতনা, অধিকার রক্ষার চেতনা এবং অহংকারী, অত্যাচারী ও লুটেরাদের পতনের চেতনা। এই চেতনায় উজ্জীবিত হয়ে যে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ তার গর্বিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘পিন্ডি নয়, দিল্লি নয়, এ দেশ আমার বাংলাদেশ’ বক্তব্যের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমের প্রকাশ ঘটেছে।
শেখ হাসিনার ‘আমি ভারতকে যা দিয়েছি, ভারত চিরদিন মনে রাখবে’ বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তারেক রহমানের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের পার্থক্য স্পষ্ট। একটিতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনা, অন্যটিতে আত্মসমর্পণ ও ক্রীতদাসসুলভ মানসিকতার প্রতিফলন ঘটেছে।
সভায় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।