দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিবিসি বাংলাকেও আওয়ামী লীগের একাধিক নেতা তথ্যটি নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে নির্বাসনে থাকা তার এই পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
শেখ হাসিনা আগেই রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার রয়টার্সকে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৯ নভেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা হয়েছে, যার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা। এর মধ্যে একটি মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেয়। তিনি ভারত থেকে অভিযোগ অস্বীকার করে আসছেন।
সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা লেখেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বর্তমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে মক্কেলের জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর পদক্ষেপ নিতে অনুরোধ করছি। বাংলাদেশি জাতীয়তা ও আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা অনুসারে আবেদনটি দ্রুত প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রীতি রহমান ও ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিক মন্তব্য করেননি।
রয়টার্সের মতে, তার সম্ভাব্য ফেরা এমন সময়ে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে, যখন তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ। বিভিন্ন মেয়াদে দীর্ঘ ২০ বছর প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনার এখনো দেশে একাংশের সমর্থন রয়েছে।
এদিকে সরকারের অবস্থান স্পষ্ট। গত বৃহস্পতিবার ঢাকায় ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। তিনি প্রশ্ন রাখেন, “শেখ হাসিনা কি শ্বশুরবাড়িতে বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দিতে হবে?” ভারতের কাছে আনুষ্ঠানিক হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার পর দেশে-বিদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তৎপর হয়েছেন। গত কয়েক মাসে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল দেখা গেছে, গ্রেপ্তারও বেড়েছে।
ভারতে থাকা এক আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে বলেন, নেত্রীর বয়স প্রায় আশি, লম্বা সময় সক্রিয় থাকতে পারবেন না, তাই ফিরতে যে কোনো ঝুঁকি নিতে চান। বিদেশে দলের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, ঝুঁকি থাকলেও শেখ হাসিনা ডিসেম্বরেই ফিরবেন, এ অবস্থানে অটল তিনি। সারাদেশে দলকে সাংগঠনিকভাবে গোছানো হয়েছে। তার মতে, প্রত্যর্পণ চুক্তিতে ফেরত নেওয়া বিএনপি সরকারের জন্য কঠিন, তিনি নিজের ঘোষণা অনুযায়ীই ফিরবেন।