সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ইংল্যান্ড থেকে পরিবারসহ বাংলাদেশে পা রাখেন তিনি। আজ বিকেলেই জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার।

গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা। ফিফা উইন্ডোর বাইরে থাকায় তাকে ছাড়তে রাজি হয়নি তার ক্লাব। তবে আজ থেকে ফিফা উইন্ডো শুরু হওয়ায় জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা হামজা দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

এদিকে, হামজার পাশাপাশি আজ ইংল্যান্ড থেকে ঢাকায় আসার কথা ছিল আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। সকাল সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কাতার এয়ারওয়েজের কানেক্টিং ফ্লাইট বিলম্ব হওয়ায় তার যাত্রাসূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। ফলে আজ জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়া হচ্ছে না ফারহানের।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ফারহানের। এবারই প্রথমবারের মতো দেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন এই প্রবাসী ফুটবলার।