কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় পৌর ৪নং ওয়ার্ডের শ্রীরামদী তার নিজ বাড়ি থেকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এছাড়া অন্যান্যদের সদর উপজেলার ও শহরের বিভিন্ন স্থান থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটক করেন।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা আরিফ হোসেন।

দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় চাঁদপুর শহরে জামায়াত ইসলাম, জেলা যুবদল, ছাত্রদল ও এনসিপি প্রতিবাদ মিছিল বের করেন।

জানা যায়, এর আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হন।

এছাড়া জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা থেকে ও কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল হোসেন ও সঙ্গীয় সদস্যরা আক্তার হোসেন খান নামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করে থানা নিয়ে আসার চেষ্টা করলে, স্থানীয় কিছু নেতা-কর্মীরা পুলিশের কার্যক্রমে বাধাগ্রস্থ করেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, আটককৃতদের যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।