নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম আবুল কালাম (৩৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যের পরিবারের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালামের ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

আহত পুলিশ সদস্যের বোন সুমাইয়া আক্তার বলেন, আমাদের বাড়ির পাশেই মাদকের ব্যবসা ও আসর বসত। আমার ভাই তাদের বাধা দিত। সম্প্রতি আমার ভাই সেই মাদক ব্যবসায়ীদের মধ্যে শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করে। ছুটিতে বাড়িতে আসার পর শাহাদাত ও এমদাদের লোকেরা রাতে তার ওপর হামলা চালায়। তার হাত পা-ভেঙে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়।

আবুল কালামের বাবা আবদুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে শাহজালাল নামে এক ব্যক্তি আমার ছেলেকে ফোন করে ডেকে বিলের কাছে নিয়ে যায়। সেখানেই ওর ওপর হামলা হয়। হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আবুল কালাম হবিগঞ্জ জেলায় এপিবিএন সদস্য হিসেবে কর্মরত। সম্প্রতি বাড়িতে এলে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।