গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।

নতুন দায়িত্বে আসার পূর্বে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২০২৬ সালের জুলাই মাসে যোগদান করেন। এছাড়া পেশাগত জীবনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জ্যেষ্ঠ কর্মকর্তার।

শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুরে অপরাধ দমন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার পথ সুগম করতে নতুন কমিশনারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্প-কারখানার সুরক্ষা প্রদান ও শ্রমিক অসন্তোষ সামাল দেয়ার পাশাপাশি মহানগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, তার নেতৃত্ব গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, ২০তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় প্রথম স্থান অধিকার অর্জন করেন মো. আশিক সাঈদ। ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা জেলা, সিলেট, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম ও নাটোর জেলায় দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব (জিওলজি) বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার।