এক বছরেরও কম সময়ে দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। গত সপ্তাহের ভয়াবহ দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার পর দেশটির রেল নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা ও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) আইনপ্রণেতাদের সামনে পদত্যাগের ইচ্ছার কথা জানান পুয়েন্তে। তিনি বলেন, স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী হিসেবে এক বছরের কম সময়ে এত ভয়াবহ দুটি দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সম্ভব নয়।
তবে কবে নাগাদ তিনি দায়িত্ব ছাড়বেন, তা নির্দিষ্ট করে জানাননি। একই সঙ্গে আসন্ন ২৯ নভেম্বরের সংসদ নির্বাচনে প্রার্থীদের তালিকা থেকেও নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। গত সপ্তাহের দুর্ঘটনাটি দেশটির দ্বিতীয় প্রাণঘাতী রেল দুর্ঘটনা। পরপর দুটি দুর্ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের ওপরও রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।
এদিকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে রেল নিরাপত্তা জোরদারে নতুন কিছু পদক্ষেপের কথা জানান পুয়েন্তে। এর মধ্যে রয়েছে রেল নিয়ন্ত্রণকেন্দ্রে স্বয়ংক্রিয় সতর্কবার্তা ব্যবস্থা চালু এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা যুক্ত করা। এতে রেল চলাচলে অস্বাভাবিক পরিস্থিতি দ্রুত শনাক্ত করা এবং মানুষের ভুলের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি দেখা দিলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয় একজন কর্মকর্তার অনুমোদন বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদ্রিদ থেকে সেভিল পর্যন্ত ৬৩ কিলোমিটার রেলপথে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা বিকল হয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু নিয়ন্ত্রণকেন্দ্র থেকে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়।
পরে তোলেদো প্রদেশের উর্দা গ্রামের কাছে ট্রেনটি বেসরকারি রেল সংস্থা ইরিওর একটি থেমে থাকা ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ৬৯ জন নিহত হন।
সূত্র: ডয়েচেভেলে