বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক ক‌রে এ আমন্ত্রণ জানান তি‌নি। বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠ‌কে ব্রুনাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটিকে বাংলাদেশের জ্বালানি অনুসন্ধান ও ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগের আহ্বান জানা‌নো হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী।

এ সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় বাংলাদেশের জ্বালানি অনুসন্ধান খাতে ব্রুনাইয়ের বিনিয়োগের আহ্বান জানান।

পাশাপাশি দেশের ইসলামী ব্যাংকিং খাতেও ব্রুনাইয়ের বিনিয়োগ কামনা করেন তিনি।

বৈঠকে ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান হুমায়ুন কবির

প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিয়ে ব্রুনাইয়ের মন্ত্রী বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।