মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী নিকোল টেলর। তিনি জনপ্রিয় সংগীতদল ‘টেলর রেড’-এর অন্যতম সদস্য ছিলেন। স্তন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তবে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে গত ২ নভেম্বর।
তার দুই বোন ও সংগীতদলের অন্য দুই সদস্য নিকা ও নাটালি টেলর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
২০২২ সালে নিকোলের শরীরে আক্রমণাত্মক ধরনের স্তন ক্যানসার শনাক্ত হয়। তখন রোগটি তৃতীয় পর্যায়ে ছিল। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও চালিয়ে যান তিনি।
একপর্যায়ে চিকিৎসায় ভালো সাড়া পাওয়ায় তার শরীরে ক্যানসারের উপস্থিতি নেই বলে জানানো হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে রোগটি ফিরে আসে এবং চতুর্থ পর্যায়ে পৌঁছায়।
নিকোলের বোনদের ভাষ্য অনুযায়ী, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মাত্র তিন মাস বেঁচে থাকার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে সেই পূর্বাভাসের পরও প্রায় এক বছর বেঁচে ছিলেন তিনি।
অসুস্থতার মধ্যেও ভ্রমণ, কাজ ও শরীরচর্চা চালিয়ে গেছেন। জীবনকে উপভোগ করার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত।
বোন নিকা ও নাটালি ভিডিও বার্তায় বলেন, নিকোলের মৃত্যুর খবর জানাতে গিয়ে তাঁরা ভীষণ মর্মাহত। তাঁরা আশা করেছিলেন, নিকোল সুস্থ হয়ে নিজেই তাঁর অসুস্থতা ও লড়াইয়ের গল্প সবার সঙ্গে ভাগ করে নেবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
তাঁরা আরও জানান, পরিবারের পক্ষ থেকে নিকোলের শেষকৃত্য ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হয়েছে।
১৯৯১ সালের ১৮ মার্চ জন্ম নেওয়া নিকোল তার যমজ দুই বোন নিকা ও নাটালির সঙ্গে ২০১০ সালে সংগীতদল গঠন করেন। শুরুতে দলটির নাম ছিল ‘রেড রুটস’। ২০১১ সালে প্রকাশিত হয় তাঁদের প্রথম অ্যালবাম। এরপর ‘দ্য মিডল অব নোহোয়ার’ ও ‘ট্রিপলিসিটি’ নামে আরও দুটি অ্যালবাম প্রকাশ করেন তাঁরা। ২০১৮ সালে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘টেলর রেড’।
কান্ট্রি সংগীতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তা পেয়েছিল দলটি। ইউটিউবে তাদের চ্যানেলের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। ২০২১ সালে প্রকাশিত ‘কান্ট্রি মানি’ গানটি দলটির পরিচিতি আরও বাড়িয়ে দেয়।
নিকোলের বোনেরা তাকে শুধু সংগীতসঙ্গী নয়, নিজেদের নেতা ও সবচেয়ে কাছের বন্ধু হিসেবেও স্মরণ করেছেন। তাঁদের ভাষায়, নিকোল ছিলেন সাহসী, দৃঢ়চেতা ও আশাবাদী একজন মানুষ। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।