বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে স্বামীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়িকা।

নিজের বার্তায় কনিকা লিখেছেন, প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো গোপন রাখতে এবং সহানুভূতি ও সম্মান দেখাতে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

এটি কনিকা কাপুরের দ্বিতীয় বিচ্ছেদ। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চান্দকের সঙ্গে প্রথম বিয়ে করেন তিনি। বিয়ের পর দীর্ঘদিন লন্ডনে বসবাস করেন। তাদের সংসারে আয়না, সামারা ও যুবরাজ নামে তিন সন্তান রয়েছে। তবে ২০১২ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর ভারতে ফিরে সংগীতজগতে নিজের ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেন কনিকা।

গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে কনিকা জানিয়েছিলেন, তিনিই প্রথম গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ২০১৪ সালে প্রথমবার এবং ২০২০ সালে দ্বিতীয়বার তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে ২০২১ সালের আগস্টে গৌতম তাকে বিয়ের প্রস্তাব দেন।

অবশেষে ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘরোয়া জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। তবে চার বছরের মাথায় সেই সম্পর্কেও বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই গায়িকা।

২০১৪ সালে সানি লিওন অভিনীত রাগিনি এমএমএস ২ ছবির বেবি ডল গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান কনিকা কাপুর। মিত ব্রোসের সুরে গানটি সুপারহিট হওয়ার পর বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবির লাভলি গানেও কণ্ঠ দেন তিনি।

এরপর রয় ছবির চিটিয়া কালাইয়া, এক পহেলি লীলা ছবির দেশি লুক, অল ইজ ওয়েল ছবির নাচান ফার্রাতে এবং উড়তা পাঞ্জাব ছবির দা দা দাসের মতো জনপ্রিয় গান উপহার দেন কনিকা। এসব গানের মাধ্যমে বলিউডের সংগীতজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।