সিনেমায় নায়ক হওয়ার সুযোগ দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারক চক্র। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলে প্রতারকরা। পুলিশের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের কণ্ঠ নকল করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে একটি নামী প্রযোজনা সংস্থার নামে ভুয়া ফেসবুক পেজ তৈরি করেছিল প্রতারকরা। সম্প্রতি এ ঘটনায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে প্রতারক চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিনেমায় অভিনয় করতে আগ্রহী ওই যুবক ফেসবুক ঘাঁটতে গিয়ে নামী একটি প্রযোজনা সংস্থার নামে খোলা পেজটি দেখতে পান। সেখানে ঐতিহাসিক একটি চরিত্রকে কেন্দ্র করে সিনেমা তৈরির কথা বলা হয়েছিল। পেজে যোগাযোগ করলে তাকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। বলা হয়, এটি পরিচালকের নম্বর।

ওই নম্বরে ফোন করার পর এক ব্যক্তি নিজেকে পরিচালক পরিচয় দিয়ে কথা বলেন। প্রতারককে আসল পরিচালক ভেবে যুবকও বিষয়টি বিশ্বাস করেন। প্রথমে তাকে নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা দিতে বলা হয়। যুবক নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুমিত কুমার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা পাঠান।

পরদিন ফোন করে জানানো হয়, তার প্রোফাইল শুট করা হবে। এ জন্য দিতে হবে ৯২ হাজার টাকা। বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে হোয়াটসঅ্যাপে ওই প্রযোজনা সংস্থার নামে একাধিক ভুয়া নথি পাঠানো হয়। এমনকি সিনেমায় ভালো চরিত্রে অভিনয়ের জন্য একটি চুক্তিপত্রও পাঠায় প্রতারকরা। এরপর ৫০ হাজার ও ৪২ হাজার টাকা দুই দফায় শুভজিৎ ও অজিতা নামে দুজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান ওই যুবক।

এরপরের দিন দ্বিতীয় ধাপের প্রোফাইল শুটের কথা বলে আরও ৮৫ হাজার টাকা চাওয়া হয়। যুবক সেই টাকাও শুভজিতের অ্যাকাউন্টে পাঠান। এরপর আবার টাকা চাওয়া হলে তার সন্দেহ হয়। পরিচিতদের সঙ্গে আলোচনা করে বুঝতে পারেন, তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক চক্রের সদস্যরাই পরিচালকের কণ্ঠ নকল করে তার সঙ্গে কথা বলেছিল বলে জানতে পারেন তিনি।

যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সূত্র ধরে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : সংবাদ প্রতিদিন