সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ঘৃণ্য রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সীমান্তের ওপার থেকে ইশারায় যা কিছু তারা করা চেষ্টা করছে, যেভাবেই হোক তা আমরা প্রতিহত করব।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যদি ভুলক্রমে এ সমস্ত কাজে কেউ ইন্ধন দিয়ে থাকে বা জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন সে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে। কারণ আমরা কঠোরভাবে সেটা দমনের চেষ্টা করবো।
‘আমরা কোন শিল্প কারখানা বন্ধ হোক সেটা চাই না, একমূহুর্তের জন্যও হোক চাই না। কোন অস্থিরতা সৃষ্টি হোক সেটা চাই না,’ বলেন তিনি।
মন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, স্পষ্ট করে বলে দিতে চাই তাদের কঠোর হস্তে দমন করা হবে।
তিনি বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। এই কয়েকদিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না৷ ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে। কোনো পলাতক দন্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করে। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।
তিনি আরও বলেন, পলাতক আওয়ামী সরকারের অনেক নেতাকর্মীরা ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তারা যদি চায় আজকেই এন্ট্রি নিতে পারে। তাদের ফেরত আনতে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানিয়েছি। এই ডিসেম্বর-ডিসেম্বর করে তারা তাদের পলাতক নেতাকর্মীদের বুস্টআপ করতে চাইছেন।