আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদকে তলব করেছে আদালত।
রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ৪ নভেম্বর ফুয়াদকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করেন ফুয়াদ। সেখানে তিনি বলেন, ‘এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’
এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে তাকে তলব করেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ব্যারিস্টার ফুয়াদকে তলবের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।