আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়ালগ ২০২৬-এ অংশ নিতে বাহরাইন সফর করছেন বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সামরিক প্রতিনিধিদল।
৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়ালগ ২০২৬। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সামরিক কর্মকর্তা, কূটনীতিক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা এতে অংশ নেন। সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
এ সফরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী।
বাংলাদেশের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন বাহরাইন (অনিবাসী) ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাহরাইন সফরের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস, মানামা পরিদর্শন করেন সামরিক প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় দূতাবাসের পক্ষ থেকে তাদের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান দূতাবাসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ সফর বাংলাদেশ ও বাহরাইনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সামরিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।