সরকার জনগণকে অপমান ও জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১১ দলের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি গণভোটের রায় বাস্তবায়ন দাবি করে বলেন, সাত দফার প্রধান দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। ভোট আপনারা দিয়েছিলেন, কিন্তু সরকার সেটা মানে না। জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সরকার।
বর্তমান সরকার স্বৈরাচারী মনোভাবী উল্লেখ করে তিনি বলেন, জনগণের ঘাড়ে স্বৈরশাসন চালিয়ে দিতে চায় সরকার। আমরা সব কিছুকে ভেঙে তছনছ করে দিবো ইনশাআল্লাহ। আমরা মানবো না, এই জাতি মানবে না। যে জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে, সেজাতি এগুলো মানবে না। আপনারা শক্ত থাকবেন, সঙ্গে থাকবেন। দাবি আদায় হবে ইনশাআল্লাহ।
আয়োজকরা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নাওডোবা এলাকায় জড়ো হতে থাকেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে খুলনা অভিমুখে রওনা দেন।