দেশে কেউই বিচারবহির্ভূত হত্যার শিকার হয়নি। এমনটাই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাদেশে নিরাপত্তা বাহিনীকে হত্যা-নির্যাতন থেকে দায়মুক্তির সংবাদে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যার যে অভিযোগ করা হচ্ছে, তা আইনশৃঙ্খলাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনেই ঘটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গ্লোবাল রিপোর্টটি ঠিকমতো না জেনে করা হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কামাল আরও বলেন, বিএনপি-জামায়াতের সময় রাজনৈতিক উদ্দেশ্যে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হতো। যখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়েছেন, তখন থেকে কোনো ধরনের অন্যায়-অত্যাচার নিরাপত্তা বাহিনী করলে তাকে কিন্তু আইনের মুখোমুখি আনা হচ্ছে। আমি সেটাই বারবার স্পষ্ট করে বলছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময়ই আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যদি কেউ বন্দুকযুদ্ধে নিহত হন, নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় যদি গুলিও করেন তাহলে প্রত্যেক ঘটনায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করেন। এতে যদি ঘটনার সত্যতা প্রমাণ হয় তাহলেই সেই বিষয়টি আমরা ক্লোজ করে দেই। যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করেন এখানে ঘটনাটি অন্যায় বা অসতর্কতায় হয়েছে, সেটা আমরা বিচার বিভাগে পাঠিয়ে দেই।